ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা ফরিদপুরকে বিভাগ করার দাবি জানিয়েছেন। জনগণের সুবিধা হলে দাবি অনুযায়ী ফরিদপুরকে বিভাগ করা হবে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এ প্রতিশ্রুতি দেন।
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে আজ বরিশাল ও ফরিদপুর সফর করেন তারেক রহমান।
এর আগে বরিশালের বান্দ রোডের বেলস পার্কে আয়োজিত নির্বাচনি জনসভায় তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে জাল ব্যালট ও ভোট দেওয়ার জন্য জাল সিল তৈরি করা হচ্ছে। গুপ্তরা ভোটে জালিয়াতির ষড়যন্ত্র করছে।
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, যারা মা-বোনদের সম্মান দিতে জানে না, তাদের দিয়ে দেশের উন্নয়ন বা অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কেউ যাতে সাধারণ মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক