বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে শুক্রবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বিষয়টি জানিয়েছেন।
এর আগে, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইতোমধ্যে ইশতেহারের কাজ গুছিয়ে এনেছি। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নিজেদের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করেছে। সেই কর্মসূচির অভিজ্ঞতা ও জনমতের ভিত্তিতেই আমাদের নির্বাচনি ইশতেহার এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক