লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়ায় জনমনে উৎকণ্ঠা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় কুমিল্লায় ৮৭টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে ১৭টি এখনও উদ্ধার হয়নি। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তবে ভোটের মাঠে এর প্রভাব পড়বে না বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় কুমিল্লা পুলিশ লাইন্স ও বিভিন্ন থানা থেকে মোট ৮৭টি অস্ত্র লুট হয়। এর মধ্যে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, তিতাস থানা, দাউদকান্দি থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা থেকে সবচেয়ে বেশি অস্ত্র লুট হয়। এরই মধ্যে ৭০টি অস্ত্র উদ্ধার হলেও এখনো ১৭টি উদ্ধার হয়নি।
সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, পুলিশ লাইন ও থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখনও সব উদ্ধার করা সম্ভব হয়নি। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসাও বন্ধ হয়নি। রাজনৈতিক দলগুলোর নেতাদের একে অপরকে আক্রমণ করে দেওয়া বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এ নিয়ে শঙ্কা থেকেই যায়।
এসব বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নির্বাচন ঘিরে সহিংসতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বোরকা পরিহিত নারী ভোটারদের ক্ষেত্রে নারী কর্মকর্তাদের উপস্থিতিতে নেকাব খুলে পরিচয় নিশ্চিত করা হবে। জাল ভোট প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
মো. আনিসুজ্জামান আরও বলেন, যেসব অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সেগুলো ব্যবহারের সম্ভাবনা খুবই কম। কারণ এসব অস্ত্রের গোলাবারুদ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করলে নষ্ট হয়ে যায়।
জেলা পুলিশ সুপার পোলিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু কত ভোট গ্রহণ করা হলো সেটি নয়, অব্যবহৃত ব্যালটও সঠিকভাবে গণনা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
এদিকে ভোটারদের আশ্বস্ত করে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে স্থাপন করা হয়েছে নিরাপত্তা ক্যাম্প।
জেলা প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি কুমিল্লা জেলায় এবারের জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা