ওসির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ বিএনপি প্রার্থীর
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের লিখিত অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী। একজন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ আনা হয় ওসির বিরুদ্ধে।
সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী আজ রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন।
একই সাথে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয়, প্রচারণা শুরুর পর থেকে, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী নানাভাবে বিএনপি কর্মী সমর্থকদের হয়রানি করছেন। অন্য একজন প্রার্থীর পক্ষে ওসি কাজ করছেন বলে অভিযোগে দাবি করা হয়।
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন স্বার্থের ওসি মোবাশ্বির আলীর নেপথ্যের বিষয়ে অভিযোগ দাখিল করেছি। তিনি একজন প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করছেন। এটা মেনে নেওয়া যায় না। আমাদের কর্মী সমর্থকদের হয়রানি করছেন। আমরা এ বিষয়ে প্রতিকার চেয়েছি লিখিত অভিযোগে।

সজল ছত্রী, সিলেট