পঞ্চগড়ে জামায়াতের নারী কর্মীদের নির্বাচনি মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের অংশগ্রহণে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ পৌরসভার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নারী কর্মীদের অংশগ্রহণে মিছিলটি বড় জনসমাবেশে রূপ নেয়।
মিছিল শেষে পায়রা চত্বরে অবস্থিত এরশাদ মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে নারী কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন ও দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
মিছিলে অংশ নেওয়া রাবেয়া বেগম বলেন, অনেক নারী শিশু সন্তান কোলে নিয়েই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সংসারের কাজ শেষ করে তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন।
নূরজাহান নামে আরেক নারী কর্মী বলেন, এ ধরনের রাজনৈতিক কর্মসূচি নারীদের সচেতনতা বাড়াচ্ছে ও রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।
আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন, দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির হোসেন, সোনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদ হাসান এবং দেবীগঞ্জ উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান।
পঞ্চগড়-২ সংসদীয় আসনটি দেবীগঞ্জ ও বোদা উপজেলা নিয়ে গঠিত। এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল আলম ওরফে সফিউল্লাহ সুফির সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের প্রতিদ্বন্দ্বিতা হবে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)