ভোট কারচুপির শঙ্কা নেই, নির্বাচন হবে উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুরের ৫টি জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। আপনারা (গণমাধ্যমকর্মী ও জনগণ) আমাদের সহযোগিতা করবেন; যদি কোথাও কোনো ধরনের অনিয়ম বা কারচুপির খবর পান, আমাদের জানাবেন। আমরা তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেব। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এটি একটি ক্রেডিবল (নির্ভরযোগ্য) ইলেকশন হবে
বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে এলাকায় যেমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমাদের প্রস্তুতি ঠিক সেই পর্যায়ের রয়েছে। আজকের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফরিদপুরে প্রশাসন যেভাবে নির্বাচনের পরিবেশ সাজিয়েছে, তাতে আমরা নিশ্চিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।
এই মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ঢাকা রেঞ্জের ডিআইজি, বিজিবির মহাপরিচালক (ডিজি), ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লাসহ রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং মাঠ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর