ভোলায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৫১টি
সাতটি উপজেলা নিয়ে গঠিত দ্বীপ জেলা ভোলা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলায় চারটি সংসদীয় মোট ভোটার ১৬ লাখ ৯২ হাজার ৬৮৯ জন। ভোট দেবে ৫২৫টি কেন্দ্রে। এর মধ্যে ১৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২৪৬টি কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ভোলা-১ (সদর) আসনে মোট ভোটার চার লাখ ছয় হাজার ৫৬৭ জন। মোট কেন্দ্র ১১৪টি। নির্বাচন কমিশন ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে ১২টি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভোলা-২ আসন বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত। বোরহানউদ্দিন উপজেলায় মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৫১১ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৮২টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র সাতটি। তবে অতিকঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৬টি। অপরদিকে দৌলতখান উপজেলায় মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ৩৫ জন। এ উপজেলায় কেন্দ্র রয়েছে ৫৬টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৫টি। এ উপজেলায় দুটি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত। এ আসনে লালমোহন উপজেলায় মোট ভোটার দুই লাখ ৭৯ হাজার ৭৩৯ জন৷ কেন্দ্র রয়েছে ৮৩টি। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ১৪টি। এ উপজেলায় ১০ কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়। অপরদিকে তজুমদ্দিন উপজেলায় এক লাখ আট হাজার ৮০৪ জন ভোটার রয়েছে। ৩৬টি কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ। তবে সাতটি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
ভোলা-৪ চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত। চরফ্যাশন উপজেলায় মোট ভোটার চার লাখ ৩০ হাজার ৪৫২ জন। কেন্দ্র রয়েছে ১৩০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬টি। দুর্গম এলাকায় ৯টি কেন্দ্র রয়েছে। অন্যদিকে মনপুরা উপজেলায় মোট ভোটার রয়েছে ৬৭ হাজার ৭৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সাতজন। মোট ২৪টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে তিনটি কেন্দ্র রয়েছে দুর্গম এলাকায়।
এই দ্বীপ জেলা ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিচ্ছিন্ন চরাঞ্চলের সার্বিক পরিস্থিতির বিষয় মাথায় রেখে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর প্রধান ইতোমধ্যে পরিদর্শন করেছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।
শেষ মুহূর্তের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ভোলা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ভোট দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।

আফজাল হোসেন, ভোলা