মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি
দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী (বহিষ্কৃত)-কে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়। পরে আসনটিতে গণ অধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন জানায় বিএনপি। এর মধ্যেই আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় ওঠে।
ফেসবুকে ভাইরাল হওয়া সেই বক্তব্যে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।

নিজস্ব প্রতিবেদক