নারায়ণগঞ্জে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে প্রায় ২৪ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের মধ্যে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। এছাড়াও তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররাও।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোর জন্য জেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বক্স ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁও ও বন্দর উপজেলার কেন্দ্রগুলোতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নির্বাচনি মাঠের নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক বিশাল বহর মোতায়েন করা হয়েছে। জেলার ৭৯৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশের ২ হাজার ১৯৬ জন সদস্য। প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে মোট ১০ হাজার ৩৬১ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির ১৭ প্লাটুনে ৩৪০ জন এবং র্যাবের ৫ প্লাটুনে ১০০ জন সদস্য টহলে থাকবেন। দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারির জন্য সেনাবাহিনীর ৬টি ক্যাম্প সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দিতে পরেন, সে লক্ষ্যে আজ বিকেল থেকেই যৌথ বাহিনীর মহড়া জোরদার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত রায়হান কবির বলেন, আজ সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশন এলাকার কেন্দ্রগুলোর জন্য জেলা নির্বাচন কার্যালয় থেকে ব্যালট বক্স ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ