জামালপুরে ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে জেলার ৫টি সংসদীয় আসনের নির্বাচনি সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি ও স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। পুলিশ ও আনসার বাহিনীর কড়া নিরাপত্তায় জেলার ৭টি উপজেলার মোট ৬২৩টি ভোট কেন্দ্রে বিভিন্ন যানবাহনের মাধ্যমে এসব সামগ্রী পাঠানো হচ্ছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার জানান, জামালপুর-৫ (সদর) আসনের কেন্দ্রভিত্তিক সরঞ্জাম বিতরণ কার্যক্রম পুরোদমে চলছে। সদর আসনের ১৩০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নিরাপত্তার স্বার্থে এই ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে আগে থেকেই ক্যামেরা বসানো ছিল। ফলে এবার সদর আসনের সবকটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় থাকছে।

আসমাউল আসিফ, জামালপুর