বিশৃঙ্খলার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে : নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, যেই নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে আমাদেরও কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিরোধ করবে। এমনকি আমরাও যদি এমন কাজ করার চেষ্টা করি, জনগণ আমাদেরও তাই করবে।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁও এ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বিভিন্ন বিষয়ে অভিযোগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের প্রধান।
নজরুল ইসলাম খান বলেন, ফেনী-১ আসনে টাকা দেওয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। আমরা ইসিকে সেসব বিষয়ের নিউজ এবং ভিডিও দিয়ে অভিযোগ করেছি, এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে আর কেউ এমন ঘটনা ঘটাতে না পারে। এজন্য শক্ত পদক্ষেপ নিতে হবে।
নজরুল ইসলাম খান বলেন, এই সময় কেন টাকা আটক করা হচ্ছে- কারণ সময়টা ভিন্ন। যদি সময়টা স্বাভাবিক থাকত, তাহলে ইসি কেন বলেছে বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না? নিশ্চয়ই এর কারণ আছে। ভোটারদের যেন টাকা দিতে না পারে, সেজন্যই এত বেশি টাকা বহনে বাধা দেওয়া হচ্ছে।
এক্ষেত্রে ইসির সিনিয়র সচিব বলেছেন, তিনি কখনও এমন কথা বলেননি। এটা মিস কোড করা হয়েছে। আমরা জানি না কে সত্য। যদি ইসির সিনিয়র সচিব এমন কথা বলে থাকেন তাহলে সেটি খুবই দুঃখজনক। আর যদি কোনো গণমাধ্যম মিসকোড করে প্রচার করে থাকে সেটিও উদ্দেশ্য প্রণোদিত, ভালো কাজ নয়। আপনারা (সাংবাদিকেরা) সত্যের সন্ধানী হিসেবে সত্য উৎঘাটন করুন।
নজরুল ইসলাম বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ড প্রকাশ করেছেন, সেখানে তিনি লিখেন কাস্টম্সের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে প্রশ্ন করেছে? শাহাজালাল বিমানবন্দর দিয়ে এই টাকা কীভাবে গেলো। কেউতো জানতে চায়নি। তাহলে কেন তিনি নিজে থেকেই এই ব্যাখ্যা দিলেন। সবই রহস্যজনক।
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমাদেরও প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এই পরিবর্তন চায় না, তারাতো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচনে আছে, কিন্তু নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত শক্ত ব্যবস্থা নেওয়া।

নিজস্ব প্রতিবেদক