নির্বাচনি দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৯ লাখ সদস্য
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার সদস্য মোতায়েন হয়েছে। নির্বাচনের মাঠে দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।’
ইসির তথ্য অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনীর এক লাখ তিন হাজার সদস্য মোতায়েন আছে। পাঁচটি জেলায় ১৭টি আসনে পাঁচ হাজার নৌবাহিনীর সদস্য মোতায়েন আছে। বিমান বাহিনীর তিন হাজার ৫০০ জন, বিজিবির এক হাজার ২১০ প্লাটুন বা ৩৭ হাজার ৪৫৩ সদস্য মোতায়েন আছে। দেশের ১০টি জেলায় ১৭টি আসনে (২০টি উপজেলার ৬৯টি ইউনিয়নে) ৩৩২টি ভোটকেন্দ্রে তিন হাজার ৫৮৫ সদস্য কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। পুলিশের এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন সদস্য এবং ৯ হাজার ৩৪৯ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৮ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নির্বাচনি দায়িত্ব পালনে প্রায় আট লাখ কর্মকর্তা নিয়োজিত রয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রিটার্নিং অফিসার আছেন মোট ৬৯ জন। সহকারী রিটার্নিং অফিসার আছেন ৫৯৮ জন।
নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯টি। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র ২১ হাজার ২৭৩টি এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ২১ হাজার ৫০৬টি।
নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন। সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন দুই লাখ ৪৭ হাজার ৪৮২ জন। পোলিং অফিসার চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলে মোট সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)