কুষ্টিয়ার চারটি আসনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ
উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একযোগে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যদিকে সকাল ৮টায় কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। দুই প্রার্থীই ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং জয়ের ব্যাপারে দুজনই শতভাগ আশাবাদ ব্যাক্ত করেন।
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৮৭ আর ৯৯টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আর ৩০৬টি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে।
এদিকে নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলাব্যাপী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া