ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আজ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উৎসবমুখর ও আনন্দঘন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় এহসানুল মাহবুব জুবায়ের বেশকিছু কেন্দ্র নিয়ে অভিযোগ করেন। জামায়াতের এই নেতা বলেন, ভোলায় আমাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। ভোলা-২ আসনে হামলা হচ্ছে আমাদের নেতাকর্মীদের ওপর। আমাদের এজেন্টকে বসতে দিচ্ছে না। প্রশাসন সহযোগিতা করছে না। কুমিল্লা-৮ আসনে সন্ত্রাসীরা হামলা করছে। কেন্দ্র নিয়ে অভিযোগ আসছে। এছাড়া নোয়াখালী-৬ আসনে আমাদের জোটের প্রার্থীর আসনেও একের পর এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, প্রশাসনকে বলব, আপনারা কোনো এক দিকে হেলে পড়বেন না, জনগণের প্রত্যাশা আপনারা পূরণ করবেন। নিরপেক্ষভাবে কাজ করবেন।
ভোটের ফলাফল নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আমরা আশা করি আজকে রাতে বা আগামীকাল সকালের মধ্যে ফলাফল পাওয়া যাবে। আপনারা জানেন জাতীয় নির্বাচনের সঙ্গে আমাদের গণভোট চলছে। আমরা আশা করি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের নতুন প্রজন্মের জন্য এটি ইতিহাস। কারণ তারা এর আগে এমন ভোট দেখেন নাই। তারা দেখেছেন রাতের ভোট, ডামি ভোট, জোরপূর্বক ভোট। এইবারই প্রথম এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, দেখছেন।
জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতোমধ্যে ভোট প্রদান করেছেন বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক