ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, খুলনায় বিএনপি নেতার মৃত্যু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন খুলনা মহানগরীর একটি ভোটকেন্দ্রের সামনে উত্তেজনার মধ্যে মহিবুজ্জামান কচি (৬৪) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-২ আসনের অন্তর্গত খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের অদূরে এই ঘটনা ঘটে। মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
ঘটনার বিষয়ে খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, ভোটকেন্দ্রের সামনে ভোটারদের প্রভাবিত করা নিয়ে প্রতিবাদ করায় আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম ও জামায়াত নেতা মাহবুবের ধাক্কায় মহিবুজ্জামান কচি পাশে থাকা একটি নারিকেল গাছের ওপর পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপি কর্মীদের দাবি, অধ্যক্ষ ও জামায়াত নেতা ভোটারদের টোকেন বিলি করছিলেন। বাধা দেওয়ায় তারা এই হামলা চালান।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম জানান, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে ঘটায় তিনি বিস্তারিত তাৎক্ষণিক জানতে পারেননি, তবে পরে লোকমুখে শুনেছেন।
খুলনার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা জামশেদ খন্দকার জানিয়েছেন, মৃত্যুর সংবাদ পেয়ে তিনি আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেছেন। ঘটনাটি ভোটকেন্দ্রের ভেতরে ঘটেনি। নিহতের পক্ষে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার তাজুল ইসলাম জানান, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা