বিএনপির বিজয় সুনিশ্চিত : মাহদী আমিন
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।
রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহদী আমিন।
পরাজয়ের শঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, 'সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।'
নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশব্যাপী বেশ কিছু জায়গায় কিছু অসংগতি, কারচুপি এবং সহিংসতা ঘটেছে উল্লেখ করে মাহদী আমিন অভিযোগ করে বলেন, ‘হাতিয়ায় ইতোমধ্যে আমাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এসেছে। বিষয়টি আমরা কর্তৃপক্ষের দৃষ্টিতে এনেছি। সেখানে অনেক ধরনের সহিংসতা করছে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল।’

নিজস্ব প্রতিবেদক