গাজীপুরের এক কেন্দ্রে দুপক্ষের হাতাহাতি, চারজনকে কারাদণ্ড
গাজীপুরের একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই পক্ষের চারজনকেই দুই বছর করে কারাদণ্ড; ১০ হাজার টাকা জরিমানা, অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন জানান, দুপুরের পরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর স্কুল ভোটকেন্দ্রে বিএনপি ও জামায়াতে ইসলামীর চার জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভোটারদের তালিকা দেখে স্লিপ দেওয়ার কেন্দ্র ভাঙচুর করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতাহাতির ঘটনায় জড়িত চারজনকেই দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা থেকে মন্ত্রণালয়ের বিশেষ ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্তরা হলেন কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক, চাঁদপুর ২ নং ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, জামায়াতে ইসলামীর নেতা ইফতেখারুল আলম ও মেজবাউল ইসলাম।
এদিকে ভোট দেওয়ার পরিবেশ নির্বিঘ্ন করতে গাজীপুরের পাঁচটি আসনে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর অন্তত সাড়ে ১৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

নাসির আহমেদ, গাজীপুর