খালেদা জিয়ার আসনে জয়ী বিএনপির মজনুর দোয়া-মোনাজাত
নির্বাচনে বিজয়ী হয়ে উৎসবের আমেজে মিছিল বা সমাবেশ না করে দোয়া ও মোনাজাত করার কেন্দ্রীয় নির্দেশনার প্রতি একাত্মতা প্রকাশ করেছে ফেনী বিএনপি। এরই অংশ হিসেবে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনুর উদ্যোগে ফেনীতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ফেনী-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত রফিকুল আলম মজনু সাধারণ মুসল্লি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে রফিকুল আলম মজনু বলেন, ফেনী-১ আসনের জনগণ গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন। আমি এই মাটির মানুষের কাছে চিরঋণী ও কৃতজ্ঞ। আমরা বিজয়ে আনন্দ মিছিল করছি না, বরং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। এ সময় তিনি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বি.এসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী