নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য জানান তিনি।
গতকাল শুক্রবার দিনগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য পেয়েছে ৭৭ আসন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্ররা পেয়েছে ৭টি আসন।
দলভিত্তিক হিসাব অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি আসনে, এনসিপি ৬টি আসনে, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে; ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন ১টি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে।
দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। আসন দুটি হলো—চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪। এ ছাড়া প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়।

নিজস্ব প্রতিবেদক