পাথরঘাটায় লোকালয়ে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান
বরগুনার পাথরঘাটায় বিরল প্রজাতির একটি মুখপোড়া হনুমানকে লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খাদ্যের সন্ধানে পাথরঘাটা পৌর শহরের বিভিন্ন এলাকায় হনুমানটিকে বিচরণ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বন্যপ্রাণীটি হঠাৎ লোকালয়ে চলে আসায় উৎসুক জনতার মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে এবং অনেকেই এটি দেখতে ভিড় জমাচ্ছেন।
স্থানীয়রা জানান, খাবারের অভাবে দলছুট হয়ে হনুমানটি হয়তো এই এলাকায় চলে এসেছে। এটি কখনো বাসাবাড়ির ছাদে, আবার কখনো গাছের ডালে খাবারের সন্ধানে ছুটছে। ক্ষুধার্ত প্রাণীটি মানুষের খুব কাছাকাছি চলে আসছে এবং কেউ কলা বা পাউরুটি দিলে তা সানন্দে গ্রহণ করছে। মানুষের প্রতি কোনো আগ্রাসন না দেখিয়ে এটি অনেকটা শান্ত মেজাজেই বিচরণ করছে।
পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিউর রহমান জানান, মুখপোড়া বা মুখকালো হনুমান মূলত বনের বাইরের পরিবেশে বাস করা একটি প্রজাতি। বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন, মানুষের উৎপাত এবং বন ও খাদ্যের সংকটের কারণে অনেক সময় এই প্রাণীগুলো দলবদ্ধভাবে এলাকা ত্যাগ করে। ধারণা করা হচ্ছে, এই হনুমানটি কোনোভাবে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং লোকালয়ে চলে এসেছে। এই এলাকায় এর আগেও এমন হনুমান দেখা গেছে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)