৭ মাসে মোংলা বন্দরে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। প্রতি বছরই এ বন্দরে রেকর্ড পরিমাণ জাহাজ আগমন করে। মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ৭৯ দশমিক ১৯ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে মোট ২১ হাজার ৪৫৬ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল যা বর্তমান অর্থবছরে সাত মাসে হ্যান্ডলিং হয়েছে।
জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ এই সাত মাসে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সময়ে চয় হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেটন যা, গত বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ০৩ শতাংশ বেশি।
বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান জানান, ২০২৫-২৬ অর্থবছর এখনও পাঁচ মাস বাকি। আমরা ইতোমধ্যে গত বছরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ অতিক্রম করেছি।
বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2, HP-3 নামক তিনটি নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ওই বার্থসগুলোয় ৯ মিটার ড্রাফটের ১৬টি বাণিজ্যিক জাহাজ সফলতার সঙ্গে অপারেশনাল কাযক্রম সম্পন্ন করা হয়েছে। এখন থেকে ওই বার্থগুলোয় সর্বোচ্চ ২০০ মিটার দৈর্ঘ্য ও ৯ মিটার ড্রাফটের বাণিজ্যিক জাহাজ কার্গো অপারেশন করা সম্ভব হবে।
বর্তমানে মোংলা বন্দর দিয়ে খাদ্যশস্য, সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ এবং এলপিজির মতো প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। এ বন্দর দিয়ে সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, মাটির টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্যসম্ভারসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রপ্তানিও হচ্ছে।

আবু হোসাইন সুমন, মোংলা