প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। গেজেটে বলা হয়, সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী রাষ্ট্রপতি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক