বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর বিপুল ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে সব মিলিয়ে ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি উখিয়া ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
লে. কর্নেল জহির জানান, নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি যৌথ দল আজ বুধবার ভোরে হ্নীলা বিওপির চৌধুরীপাড়া স্লুইস গেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ৮-১০ জনকে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। এ সময় তাদেরকে আটক করতে গেলে সশস্ত্র মাদক কারবারিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বন্দুকযুদ্ধের একপর্যায়ে মাদক কারবারিরা তাদের সঙ্গে থাকা বস্তাগুলো ফেলে দিয়ে গভীর কেওড়া বন ও নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাত লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার মধ্যরাতে উখিয়া ব্যাটালিয়নের অপর একটি বিশেষ টহল দল হোয়াইক্যং সীমান্তের মনিরঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার