দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলাই লক্ষ্য : সেতুমন্ত্রী রবিউল আলম
রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ করা, কাজের মধ্যে জবাবদিহিতা ও দায়বোধ নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব ও সেবাধর্মী মন্ত্রণালয় গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সেতুমন্ত্রী।
নৌপরিবহণ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার প্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন।
রবিউল আলম বলেন, তিনটি মন্ত্রণালয়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। সবাই মিলে দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে চেষ্টা করব।
মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয়, সেটি আমাদের অগ্রাধিকার থাকবে। সকল প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে। সত্যিকার অর্থেই সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য।
এ সময় মন্ত্রী দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা এবং দেশের পরিবহণ খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, মন্ত্রী শেখ রবিউল আলমকে সচিবালয়ে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহণ সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম ও সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)