কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরতলীর বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালকসহ দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিএনজি অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওয়াবেদ জানান, কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন অটোরিকশাযাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তবে এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া