পার্বত্য চট্টগ্রামকে বিশ্বমানের ইকোট্যুরিজম স্পটে পরিণত করা হবে : মীর হেলাল
পার্বত্য চট্টগ্রামকে একটি বিশ্বমানের ইকোট্যুরিজম স্পট হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অঞ্চল। এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের অপার সম্ভাবনা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই অঞ্চলকে পর্যটকদের জন্য বিশ্বমানের গন্তব্যে পরিণত করব।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কার্যালয়ের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, পাহাড় ও সমতলের মানুষের মধ্যে হারমোনিয়াস সহাবস্থান নিশ্চিত করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বদ্ধপরিকর। আগামী পাঁচ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সুবিধা নিশ্চিত করে সেখানে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
প্রতিমন্ত্রী বলেন, যেকোনো অপরাধের বিরুদ্ধে আমরা সকলে মিলে জিরো টলারেন্স গ্রহণ করেছি। অপরাধের বিরুদ্ধে এক চুল ছাড় দেওয়া হবে না। সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কৃষকদের সুবিধার্থে খালের নাব্যতা ফিরিয়ে আনা হবে।
যানজট নিরসনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বাসস্ট্যান্ড থেকে চৌধুরীহাট, বড়দিঘীর পাড় ও অক্সিজেন এলাকা পর্যন্ত যানজট কমাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বৈষম্যহীন সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক বিভেদ রাখবে না। হাটহাজারীতে ধর্ম-বর্ণ-শ্রেণিভেদে কোনো বৈষম্য থাকবে না। দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা করে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে।

নিজস্ব প্রতিবেদক