রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ডা. সিফাত, ডা. ফিরোজ, ডা. রাজ্জাক, ডা. হিমেল, ডা. সাব্বির, ডা. আরিফ, ডা. ইলিয়াস, ডা. শুভ, ডা. পাভেল, চিফ ফিজিওথেরাপিস্ট মহসিন আকন্দ, সজল, তানভীর হাসান, ছাত্রদল নেতা মুশফিক, শাহ পরান, মিরাজ হোসেন, মহিউদ্দিন মাহি, তিহান, প্রলয়, তারেকসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন ছিলেন তিনি। খালেদা জিয়া মুক্ত হওয়ার পরেই তিনি বাসায় যান। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রুহুল কবির রিজভী। খালেদা জিয়াকে ভালোবাসতে গিয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখেন নাই। নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে বিরামহীন পরিশ্রম করতে গিয়ে গত ১০ ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত হন। আজীবন দল-অন্তঃপ্রাণ রুহুল কবির রিজভীর পরিপূর্ণ সুস্থতা এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল থেকে দেশবাসীর কাছে কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করছি।

নিজস্ব প্রতিবেদক