যমুনা নদীর তীর রক্ষায় অভিযান, লাখ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) কাজীরহাট ফেরিঘাট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সাভেটর ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নদীতীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্ত বাতেন ফকিরকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। নদী, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

এ বি এম ফজলুর রহমান, পাবনা