স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩
স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর পৃথক পৃথক জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
ওসি বলেন, নারীর ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। ওই অভিযোগের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের ঝাড়ুদার শাহিন, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালক গ্রামের সাগর হাওলাদার ও বরিশাল সদর উপজেলার চরবাড়িযা ইউনিয়নের উলালগুনি গ্রামের সাইফুল ইসলাম।
ঘটনা সূত্রে জানা যায়, ঝাড়ুদার শাহিন তার স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপ পেতে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেন। গত ১১ ফেব্রেুয়ারি ভোলা জেলার দৌলতখান উপজেলার ফয়জুল কবিরের মোবাইল ফোনে কল করে ঝাড়ুদার শাহিনের স্ত্রী। তার সাথে পরিচয়ের এক পর্যায়ে বরিশালে আসতে বলে। এরপর ফয়জুল বরিশালে এলে তাকে নিয়ে যায় নগরীর কলেজ রোড এলাকার একটি বাসায়। বাসায় নিয়ে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। এই ঘটনার পর পরই ভুক্তভোগী ফয়জুল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সূত্র ধরে আজ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
ওসি আরও জানান, এর আগেও একাধিকবার মাদক ও বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হন ঝাড়ুদার শাহিন। তবে জামিনে বের হয়ে জড়িয়ে পড়েন নানা অপকর্মে।

আকতার ফারুক শাহিন, বরিশাল