রাজধানীতে গণধোলাইয়ে যুবক নিহত
রাজধানীর শ্যামপুরে গণধোলাইয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শ্যামপুরের পোস্তগোলা এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম গণধোলাইয়ে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলার বিআইডব্লিউটিএর নতুন প্রজেক্টের ভেতরে রড চুরি করতে গিয়েছিল ওই যুবক। ওই সময় বিষয়টি টের পেয়ে সেখানকার লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
এসআই শাহ আলম জানান, নিহত আব্দুর রহিমের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা চলছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খান ইফতেখার, ঢাকা মেডিকেল কলেজ