নড়াইলে চার খুনের ঘটনায় এখনও হয়নি মামলা, আটক ৭
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিন পার হলেও এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করেনি ভুক্তভোগী পরিবার। তবে পুলিশি তৎপরতায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ইউপি সদস্যসহ সাতজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন— সিংগা গ্রামের ইউপি সদস্য মুশফিকুর রহমান ওরফে মোফাজ্জেল, তারপুর গ্রামের সদর মোল্যা, সূর্য শিকদার লাজুক, জসিম মোল্যা ও রনি শিকদার, বড়কুলা গ্রামের হালিম ফকির ও কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের তুফান মোল্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়েরুজ্জামান মোল্যা ও খলিল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। সেহরির পরপরই বড়কুলা এলাকায় খলিল শেখের সমর্থকদের ওপর অতর্কিত হামলা ও গুলিবর্ষণ করে প্রতিপক্ষ।
আরও পড়ুন : আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪
এ সময় এলোপাতাড়ি কোপে খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ ও চাচাতো ভাই ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। যাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা খয়েরুজ্জামান চেয়ারম্যানের সমর্থক অহিদুর ফকিরকেও মৃত ঘোষণা করেন।
বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের স্বজনদের আহাজারিতে বড়কুলা গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
ওসি মো. ওলি মিয়া জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলা নথিভুক্ত করা হবে। জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল