স্কুলছাত্রী খুন : রক্তমাখা চাকুসহ আসামি গ্রেপ্তার
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় আসামি সিয়াম ওরফে ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম।
গ্রেপ্তারের সময় ইমনের হেফাজত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু এবং হত্যাকাণ্ডের সময় ভিকটিমের পরিহিত রক্তমাখা গেঞ্জি, প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ভিকটিম শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগ থানার রায়ের বাজার হাইস্কুলে ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিয়াম ওরফে ইমন হাজারীবাগ থানার চরকঘাটার সামনের পাকা রাস্তায় ধারালো ছুরি দিয়ে বিন্তিকে আঘাত করে। তখন স্থানীয় জনগণ বিন্তিকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বিল্লাল হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।
মামলার পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিয়াম ওরফে ইমনের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)