সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার জনকে আইনি সহায়তা
সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে চার লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার আওতায় সরকারি খরচে এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে ২৯ হাজার ৮২৯ জনকে।
সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে এক লাখ ৯৫ হাজার ৭৬১ জন সেবা গ্রহণ করেছেন।
দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)