গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাসটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঘটা এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় ও রাস্তার সঙ্গে মোটরসাইকেলটির ঘর্ষণ হয়। একপর্যায়ে ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় সড়কে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)