শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা : শামা ওবায়েদ
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, ‘ইতোমধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে এবং ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। বাংলাদেশের নাগরিকরা যাতে দ্রুত ভারতে যেতে পারেন, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভিসা প্রক্রিয়া যাতে দ্রুত স্বাভাবিক হয়ে যায় সে ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সালথা উপজেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্জিব দাস, ফরিদপুর