দেশ এগিয়ে নিতে অর্থনীতি শক্তিশালী করার বিকল্প নেই : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে এগিয়ে নিতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার বিকল্প নেই। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যতের দিকে নজর দিতে হবে— কত দ্রুত আমরা সামনে এগিয়ে যেতে পারব, কীভাবে দেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করা যাবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেসব বিষয়ে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সভায় মির্জা ফখরুল জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন দপ্তরের হালনাগাদ কার্যক্রমের তথ্য শোনেন। বিশেষ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, ইউনিয়ন ও পৌর পর্যায়ের সেবা প্রদান, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন এবং কৃষি ও নাগরিক সেবা সহজীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ঠাকুরগাঁওবাসীর জন্য একটি সুখবর দিয়ে বিএনপি মহাসচিব জানান, ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মাদকবিরোধী কার্যক্রমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সভায় মাদক সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আজ থেকেই পুলিশ প্রশাসনকে এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।’ এছাড়া কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)