গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহবধূ কারাগারে
বরিশালের মেহেন্দীগঞ্জে লামিয়া (১৪) নামে এক গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ফাইজা আক্তার নামের এক গৃহবধূর বিরুদ্ধে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মেহেন্দীগঞ্জ পৌরসভার চরহোগলা এলাকার একটি বাসা থেকে ফাইজাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ফাইজা উপজেলার চরহোগলা এলাকার বাসিন্দা। ভুক্তভোগী গৃহকর্মী লামিয়া মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লামিয়া অভিযোগ করে জানায়, ওই গৃহবধূর বাড়িতে অনেক দিন ধরে সে কাজ করে। বিভিন্ন অজুহাতে তাকে মারধর করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাইজা তার শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এরপর শুক্রবার সে পালিয়ে গিয়ে তার মামা একই এলাকার সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
পরে মেহেন্দীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশারেফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে গ্রেপ্তার করে।
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ইমরানুল হক বলেন, ওই কিশোরী এক বাসায় কাজ করত। তাকে নাকি অত্যাচার করা হতো সেখানে। গরম পানিতে কিশোরীর এক হাতে বেশি এবং অপর হাতে কিছুটা কম ঝলসে যাওয়ার চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল