লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক ও বাইসাইকেল আরোহী এক বৃদ্ধসহ দুজন নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়ন এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব হোসেন (২৪) ও রায়পুর উপজেলার চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি আনোয়ার হোসেন (৫৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে লক্ষ্মীপুর থেকে মজুচৌধুরীরহাটের দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল আরোহী রাকিব দ্রুতগতিতে বাসটিকে ওভারটেক করতে গিয়ে বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অন্যদিকে, রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা আনোয়ার হোসেনকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক জানান, সদর উপজেলার দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর