ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় মহাসড়কে উচ্ছেদ অভিযান
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারের আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অভিযান চালানো হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে গুরুত্বপূর্ণ নবীনগর ও পল্লী বিদ্যুৎ সংলগ্ন মহাসড়কের ওপর গড়ে ওঠা কয়েকশ’ অবৈধ দোকানপাট ও হকারের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আসন্ন রোজার ঈদে মহাসড়কে যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সেজন্য এই উচ্ছেদ কার্যক্রম আরও বেগবান করা হবে। উচ্ছেদের পর নতুন করে কেউ যদি আবারও দোকান বসায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদুর রহমান