বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনে মো. তারেক (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের রাজধানী মানামার কাছে একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত তারেক চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের আজিমপুর এলাকার বাসিন্দা। তার পরিবার বর্তমানে চট্টগ্রামের হালিশহর এলাকায় বসবাস করছে। একই ঘটনায় নাজিম (৪৫) নামে আরও এক বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাহরাইনের একটি সামুদ্রিক এলাকায় অবস্থিত শিপইয়ার্ডে কাজ করছিলেন তারেকসহ অন্য শ্রমিকরা। এ সময় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে ঘটনাস্থলেই তারেক মারা যান। নিহত তারেক দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছিলেন।
তারেকের ফুফাতো ভাই মোশারফ হোসেন জানান, এই খবর শোনার পর থেকে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তারেকের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। একমাত্র মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে হাড়ভাঙা খাটুনি খাটতেন তারেক; বাবার মৃত্যুর খবরে সেই মেয়ে এখন শোকে পাথর হয়ে গেছেন।
শোকাতুর পরিবারের সদস্যরা সরকারের কাছে আকুতি জানিয়েছেন, যেন দ্রুততম সময়ের মধ্যে তারেকের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম