ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভিন্ন মতের মানুষদের অবজ্ঞার পরিণতি ভালো হয় না। ভিন্ন মতের মানুষদের অবজ্ঞা করলে কী হয় তার নজির ৫ আগস্ট জাতি দেখেছে।
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, 'দেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। জনগণের সেই আস্থার মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। বিগত দিনে আমরা অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের দল জুলুম নির্যাতনে বিশ্বাস করে না।’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারী, আবু তাহের খান আবুল ও রিপন হাসান খন্দকার।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)