নারায়ণগঞ্জে আকস্মিক ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। আকস্মিক পরিদর্শনে গিয়ে সকাল ৯টায় তিনি দেখতে পান অফিস তালাবদ্ধ।
সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসে এসময় সাংবাদিকদের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সারাদেশের প্রত্যেক ভূমি অফিস প্রশ্নবিদ্ধ আছে, সেবা গ্রহীতাদের অভিযোগ-অনুযোগ, দুর্নীতি আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসব খতিয়ে দেখা হচ্ছে।
আজ বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস কার্যালয় পরিদর্শনে এসে ৮টা ৫৫ মিনিটে কার্যালয়ে গিয়ে কোন কর্মকর্তাকে দেখতে না পেয়ে ৩০ মিনিট অপেক্ষা করেন। এসম তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ। ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। প্রতিমন্ত্রী আসার খবরে সেবাগ্রহীতারা এসে নানা অভিযোগ জানান তার কাছে। সব অভিযোগের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ভূমিমন্ত্রী।
পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকতা নায়েব মো. নাছির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
ভূমি প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন ভূমি অফিসের নায়েব নাসির উদ্দিন এসেছেন সকাল পৌনে দশটায়। সহকারী নায়েব ওমর ফারুক এসেছেন দশটায়। নির্দিষ্ট সময়ে অফিসে না আসায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারেক স্বপন, নারায়ণগঞ্জ