পরিবেশ দূষণকারীদের নাম গণমাধ্যমে প্রকাশের নির্দেশ
পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম গণমাধ্যমে প্রকাশ না করতে পরিবেশ অধিদপ্তরের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পর জনগণের জানার জন্য গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) বিচারপতি ফরিদ আহমেদ এবং বিচারপতি মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ রায় দেন।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরসেদ জানান, পরিবেশ অধিদপ্তর যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তাদের নাম গণমাধ্যমে প্রকাশ করা হবে না মর্মে ২০২২ সালে সিদ্ধান্ত নিয়েছিল। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।
মনজিল মোরসেদ আরও জানান, রায়ে দূষণকারীদের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত বেআইনি ও বাতিল ঘোষণা করেন আদালত। একইসঙ্গে পরিবেশ অধিদপ্তরকে দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে তা গণমাধ্যমে প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক