টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে টঙ্গী বাজার এলাকার সফুরুন নেছা মার্কেটে ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা বলেন, রাত ১০টার পর মার্কেটের দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন রাত পৌনে ১১টার দিকে মার্কেটের টিনের চালার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়।
ব্যবসায়ীরা বলেন, আগুনে অন্তত ১০টি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।

নাসির আহমেদ, গাজীপুর