বান্দরবানে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। আজ শুক্রবার (৬ মার্চ) বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার পাইনছড়ির মিয়ানমার সীমান্তবর্তী ৫১ ও ৫২ নং পিলার এলাকায় কয়েকজন কাঠুরিয়া কাঠ সংগ্রহে যায়। এ সময় সীমান্তের কাঁটাতারের পাশে আরাকান আর্মির পুতে রাখা স্থলমাইনের হঠাৎ বিস্ফোরণে আব্দুল জব্বারের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। আহত আব্দুল জব্বার কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পাইনছড়ি এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান