ঈদের পোশাক কেনা হলো না স্কুলছাত্র ফাহাদের
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে চাপা পড়ে ফাহাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রে মৃত্যু হয়েছে। সে তার মায়ের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে এসেছিল। মায়ের সামনেই তাকে লাশ হতে হয়েছে। ছেলের মৃত্যু দেখে তার মা অচেতন হয়ে হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে রামগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা এলাকায় আল মনসুর ড্রাগ হাউসের নির্মাণাধীন দোকানের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আরও পাঁচজন আহত হয়েছে। এরমধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলমের কোমর ভেঙে গেছে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমদ আলী গাজী বাড়ির সৌদি প্রবাসী আলমগীর হোসেন বকুলের ছেলে ও স্থানীয় নিচহরা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয়রা জানায়, ফাহাদ ও তার মা নাছিমা বেগমের সঙ্গে বাজারে ঈদের পোশাক কিনতে ও সেলাই মেশিন মেরামতের জন্য আসে। আল মনসুর ড্রাগ হাউসের পাশেই তারা সেলাই মেশিনটি ঠিক করতে দেয়। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ছেলেটি তার মায়ের সঙ্গে আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়ানো ছিল। একপর্যায়ে ডান দিকে পা বাড়াতেই নির্মাণাধীন ড্রাগ হাউসের ছাদের পুরোনো দেওয়াল তার ওপর ধসে পড়ে। এরপর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ফাহাদ ও তার মা পথচারী ছিল। দেওয়াল ধসে ফাহাদ মারা গেছে। তার মাও আহত হন। এ ঘটনায় কেউ আটক নেই। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ঘটনাটির তদন্ত চলছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর