বৃদ্ধা ভিক্ষুকের স্বর্ণালংকার ছিনতাই
বরগুনার পাথরঘাটায় দিনদুপুরে এক বৃদ্ধা ভিক্ষুকের কানের গহনা ও নাকফুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবেয়া (৬৫) পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের টাকার খাল এলাকার সরকারি আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা।
রাবেয়া জানান, রাবেয়া ভিক্ষার উদ্দেশ্যে পাথরঘাটা পৌর শাখা ভবনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেল স্কুলের পেছনে পৌঁছালে এক কিশোর হঠাৎ করে তার ওপর চড়াও হয়। ছিনতাইকারী কিশোরটি প্রথমে তার বাম কানের গহনা ও নাকফুল খুলে নেয় এবং পরবর্তীতে ডান কানের গহনাটি কান থেকে ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল জানান, ওই বৃদ্ধা কান্নাজড়িত অবস্থায় তার কাছে এসে বিষয়টি জানান। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ভাস্কর রঞ্জন জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহমুদুর রহমান, বরগুনা (পাথরঘাটা-তালতলী)