ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জ্বালানি তেল ইস্যুতে মতবিনিময় সভা
ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে ফরিদপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ৩টার দিকে নিজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও করিম গ্রুপের স্বত্বাধিকারী ওয়াহিদ মিয়া কুটি প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সহসভাপতি শাহিন চৌধুরী, বাস মালিক গ্রুপের সহসভাপতি কাজী সাইফুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. প্রকাশ স্বরূপ রায় অপু ও রাজিবুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মানিক চৌধুরী মিঠু, সাংগঠনিক সম্পাদক মহসিন কবির রুবেল, দপ্তর সম্পাদক আবু দাউদ রিজু, আন্তজেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আজাদ, মিনিবাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক শেখর সাহা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য থেকে আমদানি-নির্ভর তেলের বাজারে চলমান সংঘাত ও অস্থিরতার প্রভাব পড়ছে বিভিন্ন দেশে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং ফরিদপুরেও জ্বালানি তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় পরিবহণ খাতে সমস্যা দেখা দিয়েছে।
বক্তারা বলেন, তেলের সরবরাহ কম থাকায় পরিবহণ চালানো এবং পরিবহণ ব্যবসা পরিচালনা করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে।
সভায় পেট্রল পাম্পে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনকে আরও সতর্ক থাকার পাশাপাশি পুলিশি নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে পেট্রল পাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি পেট্রল পাম্পগুলোতে বোতলে খোলা তেল বিক্রি না করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানানো হয়।
এ ছাড়া ঈদকে সামনে রেখে বিভিন্ন গণপরিবহণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য পরিবহণ মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর