ধাপে ধাপে সারা দেশে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ধাপে ধাপে ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে বাস্তবায়ন করা হবে। পাঁচটি ধাপে বিভক্ত করে ক্রমান্বয়ে এই কার্ড মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার একটি অংশ বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। এটি বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
ফারজানা শারমিন পুতুল বলেন, দল-মত বা ধর্ম নির্বিশেষে যে কেউ এই কর্মসূচির সুবিধা পাবেন। একটি পরিবারের নারী সদস্যকে কেন্দ্র করে পাঁচ সদস্যের পরিবারকে সহায়তার আওতায় আনা হবে। আমরা চাই নারীরা অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাবলম্বী হোক। পরিবারের নারীরা স্বাবলম্বী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।
পুতুল আরও বলেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলাসহ নাটোরের চারটি সংসদীয় আসন এবং রাজশাহী বিভাগের আটটি জেলাতেই পর্যায়ক্রমে এ কর্মসূচি চালু করা হবে। সারা দেশে একযোগে চালু হলে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩৭৮টি নারীপ্রধান পরিবারকে এ কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে দুই হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।

হালিম খান, নাটোর
সজিবুল হৃদয়, নাটোর (বাগাতিপাড়া-লালপুর)