ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৯ জন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
আজ বুধবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৯ জন। এর মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।
এই সময়ে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪০ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয় মোট ৪১৩ জনের। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)